নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
বাংলা ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের লড়াইকে সামনে রেখে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মানবাজারের
গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। বিদ্যালয়ের পণ্ডিরাম মঞ্চে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। তবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মনে ভাষা আন্দোলনের চেতনা জাগিয়ে তোলা।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, সমবেত নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে। তাদের পরিবেশনায় ফুটে ওঠে মাতৃভাষার প্রতি ভালোবাসা, আত্মত্যাগের গৌরবগাথা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা। বিদ্যালয় প্রাঙ্গণে অমর একুশের প্রতীকী চিত্র ও আলপনায় সেজে ওঠে পণ্ডিরাম মঞ্চ।
শিক্ষক-শিক্ষিকারা ভাষা আন্দোলনের পটভূমি ও তার ঐতিহাসিক তাৎপর্য বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল এবং যে আত্মত্যাগের মধ্য দিয়ে তা সফল হয়, সেই ইতিহাস জানিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে মানববন্ধনের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাত্মতার বার্তা দেয়। তারা হাতে হাত রেখে অমর একুশের প্রতীকী উপস্থাপনা করে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার গ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র এই প্রসঙ্গে বলেন, “অমর একুশে শুধু একটি স্মরণ দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। বাংলা ভাষার মান রক্ষার জন্য যে ঐতিহাসিক আন্দোলন দীর্ঘদিন ধরে পরিচালিত হয়েছে সেই গৌরবোজ্জ্বল অধ্যায় ও ভাষা শহীদদের আত্মত্যাগের কথা নবীন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”









Post Comment