নিজস্ব প্রতিনিধি , জয়পুর:
চিকিৎসা গাফিলতির অভিযোগ ঘিরে জয়পুর ব্লক হাসপাতালে চাঞ্চল্য। নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই থানার পিপঁড়াট্যাড় গ্রামের সবলপুর বাঁধডি টোলার বাসিন্দা জগদীশ মাহাতোর অভিযোগ, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী অনিমা মাহাতোকে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর সব ঠিক আছে বলে জানানো হলেও, পরিবারের দাবি, সারা রাত তীব্র যন্ত্রণায় ভুগলেও কোনও নার্স বা চিকিৎসক তাঁকে দেখতে আসেননি। শেষ পর্যন্ত হাসপাতালের বেডেই সন্তানের জন্ম দেন অনিমা। পরে নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মীকেও পাওয়া যায়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও গ্রামবাসীরা। রবিবার তাঁরা হাসপাতালে বিক্ষোভ দেখান। জগদীশ মাহাতো লিখিত অভিযোগ জমা দিয়েছেন ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পুলিশের কাছে।
নবজাতকের মৃত্যুকে ঘিরে হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।










Post Comment