insta logo
Loading ...
×

রেকর্ড বৃষ্টিতে ভেঙে পড়েছিল ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত পুরুলিয়াবাসীর পাশে মুখ্যমন্ত্রীর ‘মমতা’

রেকর্ড বৃষ্টিতে ভেঙে পড়েছিল ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত পুরুলিয়াবাসীর পাশে মুখ্যমন্ত্রীর ‘মমতা’

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এই বছর রেকর্ড বৃষ্টিতে ক্ষতবিক্ষত পুরুলিয়া জেলার নানা প্রান্ত। টানা বৃষ্টিতে ভেঙে পড়েছিল অসংখ্য মাটির বাড়ি, দুর্ভোগে পড়েছিলেন বহু পরিবার। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার উত্তরকন্যার সভাকক্ষ থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার বৃষ্টিপীড়িত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রায় আড়াইশো পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মোট ২ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর অতিবৃষ্টিতে জেলার ১৮টি ব্লকে মোট ২০৭টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার মধ্যে বাঘমুন্ডিতে ২টি, বলরামপুরে ১৯টি, বরাবাজারে ৩০টি, বান্দোয়ানে ৩১টি, হুড়ায় ৩০টি, জয়পুরে ১টি, ঝালদা ১-এ ১৪টি, ঝালদা ২-এ ৫টি, কাশীপুরে ৩টি, মানবাজার ১-এ ১১টি, মানবাজার ২-এ ১৮টি, নিতুড়িয়ায় ৭টি, পাড়ায় ১১টি, পুঞ্চায় ১২টি, পুরুলিয়া ১-এ ২টি, রঘুনাথপুর ১-এ ৪টি, রঘুনাথপুর ২-এ ৫টি এবং সাঁতুড়িতে ২টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া পুঞ্চা ব্লকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ২টি বাড়ি।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পাবে ১ লক্ষ ২০ হাজার টাকা করে, আর আংশিক ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ৭০ হাজার টাকা করে। সোমবারই প্রথম কিস্তির ৭০ হাজার টাকা জমা পড়ে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে।

এদিন বাড়ি নির্মাণের আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক ও উদ্যানপালকদের হাতে তুলে দেওয়া হয় শস্যবীজ ও প্রয়োজনীয় সরঞ্জাম।

উত্তরকন্যার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা। পুরুলিয়া সার্কিট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক কোন্থাম সুধীর, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

পরে দুলমিতে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি রাজীব লোচন সরেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।

Post Comment