insta logo
Loading ...
×

সিসিটিভির সূত্রে মিলল হদিশ, মানবাজার চুরিকাণ্ডে আন্তঃরাজ্য চক্র ভেঙে ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত

সিসিটিভির সূত্রে মিলল হদিশ, মানবাজার চুরিকাণ্ডে আন্তঃরাজ্য চক্র ভেঙে ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বাসস্ট্যান্ডের ভিড়, সকালের তাড়াহুড়ো আর মুহূর্তের অসতর্কতা—এই সুযোগই কাজে লাগিয়েছিল চোরেরা। মানবাজার বাসস্ট্যান্ডে দু’লক্ষ টাকা চুরির ঘটনার প্রায় সাত মাস পর বড় সাফল্য পেল পুলিশ। আন্তঃরাজ্য অপরাধচেয়ে ক্রের জাল ছিঁড়ে ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রামনা প্রধান (৩৫), ওড়িশার জাজপুর জেলার কোরাই থানার পূর্বাকোটে গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবাজার, কাশিপুর ও আড়শা থানার যৌথ দল শনিবার ওড়িশার জাজপুর জেলায় অভিযান চালায়। সাদা পোশাকের পুলিশ পূর্বাকোটে বাজার এলাকা থেকে বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিট নাগাদ রামনাকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং একাধিক রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয়ের ফলেই এই সাফল্য মিলেছে।

ধৃতকে রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান, এই চুরির ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত রয়েছে। তাকে খোঁজার পাশাপাশি চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৪ অগস্ট দুপুরে। পুঞ্চা থানার কৈড়া গ্রামের বাসিন্দা মৃগাঙ্ক সিং পাতর মানবাজারের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা থেকে ২ লক্ষ টাকা তোলেন। বলরামপুরে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে তিনি মানবাজার বাসস্ট্যান্ডে এসে বাসে ওঠেন। অভিযোগ, বাসে বসার কিছুক্ষণের মধ্যেই টাকাভর্তি ব্যাগটি উধাও হয়ে যায়।

ঘটনার পর মানবাজার থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, মোটরবাইকে থাকা দুই যুবকের মধ্যে একজন দ্রুত ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এরপরই শুরু হয় আন্তঃরাজ্য তল্লাশি। ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত এগোতে থাকে। সেই সূত্র ধরেই সামনে আসে রামনা প্রধানের নাম। শেষ পর্যন্ত গ্রেফতারি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। তদন্তকারীদের আশা, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

Post Comment