নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
আন্তঃরাজ্য সড়কে নজরদারি জোরদার হতেই সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচনী সময়ে অবৈধ অর্থ পরিবহণ রুখতে কড়া তল্লাশি চালাচ্ছিল স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। সেই অভিযানের মাঝেই ধরা পড়ল একটি চারচাকা গাড়ি, যার ভেতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। বৈধ কাগজপত্রের অভাবে শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করা হল পুরো টাকাই।
রবিবার দুপুরে বরাবাজার থানার বামনিডি এলাকায় ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার দিকে আসা একটি বিহার নম্বরপ্লেটযুক্ত গাড়িকে থামানো হয়। নিয়ম মেনে তল্লাশি চালাতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৩ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা। কিন্তু ওই অর্থের কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি গাড়ির মালিক।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজন উপযুক্ত নথি ও সুনির্দিষ্ট কারণ। এই নিয়ম লঙ্ঘিত হওয়ায় উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মালিক চাইলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় নথিপত্র ও যুক্তিসহ পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব)-এর কাছে আবেদন করতে পারবেন। সেই আবেদন স্ক্রিনিং কমিটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে, বাজেয়াপ্ত অর্থ ফেরত দেওয়া হবে কি না।










Post Comment