insta logo
Loading ...
×

শান্তি-সুজয়-সন্ধ্যাতেই ভরসা, পুরুলিয়ায় তৃণমূলের ৩ নতুন মুখও

শান্তি-সুজয়-সন্ধ্যাতেই ভরসা, পুরুলিয়ায় তৃণমূলের ৩ নতুন মুখও

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর সেই মহারণের প্রথম রণকৌশল হিসাবে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তালিকা সামনে আসতেই লাল মাটির এই জেলায় চেনা রাজনৈতিক ছন্দে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শাসকদলের এবারের প্রার্থী তালিকায় যেমন দেখা যাচ্ছে দলের পুরোনো এবং পরীক্ষিত মুখদের প্রতি অবিচল আস্থা। তেমনই কয়েকটি কেন্দ্রে টিকিট বণ্টন ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ এবং চাপা ক্ষোভের চোরাস্রোত।

​রাজনীতিতে হার-জিত থাকলেও অভিজ্ঞতার কদর যে রয়েছে, তা তৃণমূলের এই তালিকায় বেশ স্পষ্ট। গত বিধানসভা ভোটে পরাজয় হলেও দলের দুই বর্ষীয়ান নেতা তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো এবং সুজয় বন্দ্যোপাধ্যায়ের ওপর ফের ভরসা রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব। একইভাবে রঘুনাথপুর কেন্দ্রে পরাজিত প্রার্থী হাজারি বাউরির হাতেই পুনরায় ঘাসফুলের পতাকা তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, কাশীপুর কেন্দ্রে গতবার পরাজিত হয়েছিলেন স্বপন বেলথরিয়া। তবে এবার সেই কেন্দ্রেই রাজনৈতিক কৌশলের বদল ঘটিয়ে তাঁর ছেলে তথা রাজ্য তৃণমূলের সম্পাদক সৌমেন বেলথরিয়াকে দলের প্রার্থী হিসেবে ময়দানে নামানো হয়েছে।

​প্রার্থী বদল নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা ছিল মানবাজার ও বান্দোয়ান কেন্দ্রে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুকে বদলের দাবি তুলেছিলেন এলাকার মানুষের একাংশ। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে দল তাঁকেই সেরা এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে ফের টিকিট দিয়েছে। একই চিত্র বান্দোয়ানেও। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন এবং প্রতিমা সোরেনের বিরুদ্ধে ‘নো ভোট’ স্লোগান চোখে পড়েছিল। কিন্তু সমস্ত স্থানীয় বিরোধিতাকে পাশ কাটিয়ে শীর্ষ নেতৃত্ব তাঁদের ওপরই পুনরায় আস্থা রেখেছে। পাশাপাশি, বাঘমুণ্ডি কেন্দ্রে সুশান্ত মাহাতোর প্রার্থিপদ নিয়ে নানা জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত দল তাঁর ওপরই আস্থা রেখেছে, ঠিক যেমনটা ‘পুরুলিয়া মিরর’-এর পক্ষ থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। আবার প্রাতিষ্ঠানিক রাজনীতির ছকের বাইরে গিয়ে পাড়া কেন্দ্রে প্রাথমিক শিক্ষক মানিক বাউরিকে প্রার্থী করে এক অভিনব চমক দিয়েছে দল।

​তবে প্রার্থী তালিকা নিয়ে সর্বত্র স্বস্তি নেই, জয়পুর কেন্দ্রে দলের অন্দরে কিছুটা ছন্দপতন ঘটেছে। সেখানে দাপুটে নেতা উজ্জ্বল কুমারকে প্রার্থী না করায় নিচুতলায় মৃদু ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর পরিবর্তে দলের টিকিট পেয়েছেন জেলা পরিষদের প্রার্থী অর্জুন মাহাতো। সব মিলিয়ে কোথাও স্বস্তি, আবার কোথাও চাপা ক্ষোভ, এই দোলাচলের মাঝেই জঙ্গলমহলের ভোট-ময়দানে জোরকদমে নেমে পড়েছে ঘাসফুল শিবির।

একনজরে পুরুলিয়ার ৯ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা

​১)বান্দোয়ান –
রাজীবলোচন সরেন
২) বলরামপুর –

শান্তিরাম মাহাতো
৩) বাঘমুন্ডি –
সুশান্ত মাহাতো
৪) জয়পুর –
অর্জুন মাহাতো
৫)পুরুলিয়া- সুজয় বন্দ্যোপাধ্যায়
৬)মানবাজার –
সন্ধ্যারানি টুডু
৭)কাশিপুর –
সৌমেন বেলথরিয়া
৮)পাড়া – মানিক বাউরি
৯)রঘুনাথপুর – হাজারি বাউরি

Post Comment