insta logo
Loading ...
×

প্রার্থী ক্ষোভে সুপ্রিমোকে হোয়াটসঅ্যাপে ইস্তফা! আজসু ছাড়লেন জেলা সভাপতি অতুল

প্রার্থী ক্ষোভে সুপ্রিমোকে হোয়াটসঅ্যাপে ইস্তফা! আজসু ছাড়লেন জেলা সভাপতি অতুল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

প্রথম দফার মনোনয়নের দ্বিতীয় দিন পেরিয়ে গেলেও দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আর এই ক্ষোভে এবার আজসু-র পুরুলিয়া জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অতুল মাহাত। পেশায় আইনজীবী তথা পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুলবাবু মঙ্গলবার দলের সুপ্রিমো সুদেশ মাহাতকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

পদত্যাগের কারণ হিসেবে অতুলবাবু জানান, বিজেপি বাঘমুণ্ডি আসনটি আজসু-কে ছাড়েনি। এরপরই জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে পুরুলিয়ার ৯টি আসনেই আজসু একাই লড়াই করবে। কেন্দ্রীয় নেতৃত্বকে সেই সিদ্ধান্তের কথা জানানো সত্ত্বেও দল এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই টালবাহানার প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে দলের অন্দরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

এদিকে, জেলা সভাপতির এই ইস্তফায় নতুন জল্পনা তৈরি হয়েছে সদ্য আজসু-তে যোগ দেওয়া বিষ্ণুপ্রিয়া মাহাতকে ঘিরে। জয়পুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতকে মেনে নিতে না পেরেই প্রাক্তন এই বিজেপি নেত্রী সুদেশ মাহাতের দলে যোগ দিয়েছিলেন। কথা ছিল, জয়পুর থেকে তিনিই আজসু-র প্রার্থী হবেন। কিন্তু দল যদি শেষ পর্যন্ত প্রার্থীই না দেয়, তবে বিজেপি জেলা সম্পাদক বিষ্ণুপ্রিয়া ফের দলবদল করবেন কি না, তা নিয়ে এখন জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Post Comment