নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
“আপনাদের যা করার করুন, পুলিশ ডাকুন, আমি কাউকে ভয় পাই না!”, প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রেতার এই ঔদ্ধত্যের কাছে মাথা নত করলেন না মহিলারা। উলটে জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ালেন তাঁরা। আর তাঁদের এই জোরালো প্রতিবাদের জেরেই পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধ হলো পুরুলিয়া মফস্বল থানার গাড়াফুসড়ো গ্রামের ওই বেআইনি মদের ভাটি। এলাকায় শান্তি বজায় রাখতে এভাবেই দৃষ্টান্ত গড়লেন পুরুলিয়ার একটি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫০ থেকে ৬০ জন মহিলা।
জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ এলাকার অন্যান্য মদের ঠেকগুলো বন্ধ থাকলেও, একটি ভাটি তখনও রমরমিয়ে চলছিল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ওই বিক্রেতা তাঁদের সরাসরি হুমকি দেয়। কিন্তু মহিলারা পিছু না হটে প্রথমে তাঁদের গোষ্ঠীর সভাপতিকে বিষয়টি জানান এবং এলাকার স্বার্থে সোজা প্রশাসনের দ্বারস্থ হন। মহিলাদের অভিযোগ পাওয়া মাত্রই স্থানীয় থানার ৩-৪ জন পুলিশ আধিকারিক তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে পুলিশ ওই বিক্রেতাকে চরম হুঁশিয়ারি দেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মহিলারা যখন একজোট হয়ে প্রতিবাদ করছেন, তখন এই কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। এরপর ফের মদ বিক্রি করতে গেলে সোজা গ্রেফতার করা হবে বলেও কড়া বার্তা দেয় পুলিশ।
স্বনির্ভর গোষ্ঠীর এক প্রতিবাদী সদস্যার কথায়, “মদ বিক্রির ফলে পরিবার এবং এলাকার শান্তি নষ্ট হয়। আমরা চাই আমাদের ঘরে শান্তি থাকুক, তাই এলাকায় আমরা কোনও মদের দোকান চাই না”।
আপাতত পুলিশের হস্তক্ষেপে ওই ভাটি বন্ধ রয়েছে। এলাকার পরিস্থিতিও স্বাভাবিক। তবে আগামী দিনে ফের যদি এই বেআইনি কারবার মাথাচাড়া দেয়, তবে তাঁরা যে আবারও আইনের দ্বারস্থ হবেন, তা স্পষ্ট করে দিয়েছেন ওই মহিলারা। পাশাপাশি, গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসনও।











Post Comment