নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বঙ্গে প্রথম দফার ভোটে গেরুয়া শিবিরে ঝড় তুলতে ৪০ জন তারকা প্রচারকের তালিকা পেশ করেছিল বিজেপি। তারপর প্রকাশিত হলো সংশোধিত তালিকাও। সেই তালিকায় মোদি, অমিত শাহ, যোগী-র পাশাপাশি রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও।
পুরুলিয়ায় ভোট প্রচারে আসছেন কোন কোন বিজেপি তারকা?
বাঘমুন্ডিতে অমিত শাহ, পুরুলিয়ায় মোদি। ভোটের পুরুলিয়াকে আরও উত্তপ্ত করতে আসছেন বিজেপির রথী মহারথীরা। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আগামী ১১ এপ্রিল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাঘমুন্ডি বিধানসভায় আসছেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে জনসভা করতে। সোমবার এলাকার একাধিক মাঠ পরিদর্শন করেন সাংসদ। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো। মাঠ চূড়ান্ত হওয়ার কথা এখনও সরাসরি ঘোষণা করেনি বিজেপি। তবে কালিমাটিতে হতে পারে অমিত শাহর সভা। বিজেপি সূত্রে খবর ১৯ এপ্রিল পুরুলিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সভাস্থলও চূড়ান্ত হয়নি। পূর্বে মোদির সভাস্থলের সম্ভাবনাই বেশি। বিজেপির তারকা প্রচারকদের মধ্যে আছেন, যোগী আদিত্যনাথ। জয়পুরে আসার কথা তাঁর। তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীও।

“২০২৬ বিধানসভা নির্বাচন: বিজেপির তারকা প্রচারক তালিকা”
নরেন্দ্র মোদি, নীতিন নবীন, অমিত শাহ, রাজনাথ সিং, জে.পি. নাড্ডা, নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, মিঠুন চক্রবর্তী, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়নবিশ, মানিক সাহা, শিবরাজ সিং চৌহান, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, ভূপেন্দ্র যাদব, স্মৃতি ইরানি, হেমা মালিনী, অনুরাগ ঠাকুর, অন্নপূর্ণা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, মনোজ তিওয়ারি, সুনীল বনসল, বিপ্লব দেব, মঙ্গল পান্ডে, অমিত মালব্য, নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ), খগেন মুর্মু, জয়ন্ত রায়, রাজু বিস্ত, সৌমিত্র খান, মনোজ টিগ্গা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, কার্তিক চন্দ্র পাল।










Post Comment