insta logo
Loading ...
×

এসআইআর শুনানিকে ঘিরে পুরুলিয়ায় বিজেপির বিক্ষোভ, জেলাশাসকের দপ্তরের সামনে তীব্র উত্তেজনা

এসআইআর শুনানিকে ঘিরে পুরুলিয়ায় বিজেপির বিক্ষোভ, জেলাশাসকের দপ্তরের সামনে তীব্র উত্তেজনা

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরুলিয়া জেলায় প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে সরব হলো বিজেপি। সোমবার পুরুলিয়া জেলাশাসক দপ্তর চত্বরে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয় রাজনৈতিক চাপানউতোরের পরিস্থিতি।

বিজেপির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রশাসনিক স্তরে একাংশের ভূমিকা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি করছে। তাদের দাবি, বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের তথ্য যাচাইয়ের নামে অপ্রয়োজনীয় হয়রানির অভিযোগ সামনে আসছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
এই প্রেক্ষাপটে জেলা প্রশাসনের কাছে একাধিক দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে জেলাশাসক দপ্তরে যান বিজেপির প্রতিনিধিরা। তবে তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়েও জেলা শাসকের তরফে কোনও সাক্ষাতের সুযোগ না মেলায় স্মারকলিপি জমা না দিয়েই তাঁরা ফিরে আসেন। এর প্রতিবাদে জেলাশাসক দপ্তরের ভিতর ও বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অংশ নেন বিজেপি নেতাকর্মীরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মতো সংবেদনশীল বিষয়কে ঘিরে প্রশাসন ও বিরোধী দলের মধ্যে এই টানাপোড়েন আগামী দিনে আরও জোরালো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো, পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও জয়পুরের বিধস্যক নরহরি মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব।
জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো বলেন,“ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় যদি সাধারণ মানুষ আতঙ্কিত হন, তাহলে সেটা কখনওই গণতন্ত্রের পক্ষে ভালো নয়। আমরা জেলা প্রশাসনের কাছে স্পষ্টভাবে আমাদের দাবি জানাতে চেয়েছিলাম, কিন্তু জেলা শাসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছি। প্রশাসনের উচিত সব রাজনৈতিক দলের কথা শোনা এবং নিরপেক্ষভাবে কাজ করা।”

পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, “জেলা প্রশাসনের এই ভূমিকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু তাতে কোনও লাভ হবে না। সাধারণ মানুষ আমাদের পাশেই আছেন।”

এসআইআর শুনানি ঘিরে এই পরিস্থিতিতে ভোটারদের সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার দাবি আরও জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।

Post Comment