insta logo
Loading ...
×

বিজেপির প্রার্থী তালিকায় বাঘমুন্ডিতে রহিদাস, পুরুলিয়ায় সুদীপ, জয়পুরে অজিত পুত্র বিশ্বজিৎ

বিজেপির প্রার্থী তালিকায় বাঘমুন্ডিতে রহিদাস, পুরুলিয়ায় সুদীপ, জয়পুরে অজিত পুত্র বিশ্বজিৎ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

হলুদ গামছা বদলে হলো গেরুয়া। বিরাট চমক দিলো বিজেপি। বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় বাঘমুন্ডি আসন ছাড়া হলোনা আজসুকে। এখানে বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। পুরুলিয়ায় প্রথম তালিকায় বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোষণা না করলেও দ্বিতীয় তালিকায় তাঁর ওপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে সবচেয়ে বড়ো চমক প্রার্থী তালিকার একেবারে শেষে। ২৪১ জয়পুর বিধানসভার প্রার্থী হিসেবে আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। অর্থাৎ জয়পুরে বিজেপির প্রার্থী নেই, আছেন ভাজপা সমর্থিত প্রত্যাশী। নির্দলকে সমর্থন জুগিয়ে কি আপামর বিজেপি সমর্থকদের ভোট টানতে পারবে বিজেপি? খেলা এই খানেই। আদিবাসী কুড়মি সমাজের জেলা যুব সম্পাদক বিশ্বজিৎ আগামী ২১ মার্চ পদত্যাগ করে সরাসরি যোগ দেবেন পদ্ম শিবিরে। এখন অবশ্য নিজেকে পদ্ম প্রার্থীই বলছেন তিনি।

এতে বিজেপির রাজনৈতিক ফায়দা হলেও প্রশ্ন উঠছে সমাজ আন্দোলন নিয়ে? কুড়মি সমাজের যে প্রধান দাবি অর্থাৎ পুনরায় আদিবাসী তালিকাভুক্তি নিয়ে গত ১ দশকে অজিত মাহাতোর লড়াই, তা কি তার পুত্র বিজেপি প্রার্থী হওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে গেল? কারণ আদিবাসী কুড়মি সমাজের মধ্যেও এমন প্রচুর মানুষ আছেন যাঁরা তৃণমূল সমর্থক, বিজেপি ধর্মীয় মেরুকরণ করে, জয় শ্রীরাম ধ্বনিতে স্পষ্ট করে হিন্দুত্ব, এই অভিযোগ তোলেন, তারা কি ভোটটা তরুণ বিশ্বজিৎকে দেবেন? পুরুলিয়া মিররে অবশ্য আগেই অজিত তনয়ের বিজেপি জোটের প্রার্থী হওয়ার কথা বলা হয়েছিল। তখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হওয়া জল্পনার ইতি এই ঘোষণায়।

জল্পনার ইতি হলেও বিতর্কের ইতি হচ্ছে না। সমাজ মাধ্যম ভাইরাল একটা নতুন মিমে। “রেলটেকা বাহানা থা
টিকিট লেনে কা ধান্দা থা।” অর্থাৎ রেল টেকা আন্দোলনের নামে টিকিট আদায়ের ছক ছিলো প্রধান নেতার। আগে তিনি ঘোষণা করেছিলেন সমাজ ভোটে লড়বে না। কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা রাজেশ মাহাতো বিজেপি প্রার্থী হওয়ায় তিনি বলেছিলেন কুড়মি আন্দোলনকারীদের রাজনৈতিক দলে যোগ দেওয়া মানে কুড়মি আন্দোলনের ক্ষতি। এখন কী বলবেন মূল মানতা?

অন্যদিকে বিজেপির প্রার্থী তালিকায় জ্যোতির্ময়ের তীব্র প্রভাব দ্বিতীয় বারেও। বাঘমুন্ডি আসনে জ্যোতির্ময় অনুগত রহিদাস মাহাতো পদ্ম প্রার্থী। ঝালদার পুতিডি গ্রামের রহিদাস কেমন বেগ দেবেন সুশান্ত মাহাতোকে। অন্যদিকে বলা হচ্ছে পুরুলিয়া আসনে সুদীপ মুখোপাধ্যায়কে সরানোর চেষ্টা হলেও শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় ফের টিকিট পেলেন তিনি।

তবে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন জয়পুর। মনসামঙ্গলে চাঁদ সদাগর বলেছিলেন, যে হাতে পূজি আমি দেব শূলপাণি / সেই হাতে পূজিব না চ্যাঙমুড়ি কানি। এখানে জয় গরাম স্লোগান তোলা কণ্ঠে কি জয় শ্রীরাম ধ্বনিত হবে?

Post Comment