insta logo
Loading ...
×

রাম নবমীতে হনুমানের চরণে বিজেপি – তৃণমূল

রাম নবমীতে হনুমানের চরণে বিজেপি – তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শিয়রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাঁদের প্রার্থী ঘোষণা করে দিয়ে জোরকদমে প্রচার শুক্র করেছেন। এই আবহেই শুক্রবার রামনবমীর উদযাপন হয়ে উঠল নির্বাচনী প্রচারের হাতিয়ার।এই উৎসবকে কেন্দ্র করে জেলার তৃণমূল-বিজেপি প্রার্থীরা কার্যত সবাই রাম ও হনুমানের চরণে নিজেদেরকে সঁপে দিলেন। কেউ হাতজোড় করে বজরংবলীকে আরতি দিলেন। আবার কোন প্রার্থী শোভাযাত্রায় হাঁটলেন । আবার কেউ মাথায় পাগড়ি বেঁধে শোভাযাত্রায় সামিল হওয়া রাম ভক্তদের ফল বিতরণ করলেন ।

শুক্রবার রামনবমীর দিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা শুরু হয়ে যায়। পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া পুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বজরঙবলি মন্দিরে প্রণাম করে শোভাযাত্রায় অংশ নেন । পাশাপাশি পোস্ট অফিস মোড় এলাকায় অস্থায়ী ক্যাম্প করে নানান ফল বিতরণ করেন তিনি।

দলের নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রায় হাঁটেন পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও। তিনি জানান,” রাজ্যের পুলিশ রামনবমীর শোভাযাত্রায় সাউন্ড সিস্টেম ব্যবহারে বাধা দিতে গিয়েছিল। আমরা তা হতে দিইনি। শোভাযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। “

শোভাযাত্রায় ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বলরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী জলধর মাহাতো।

কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া রেল শহর আদ্রার হনুমান মন্দিরে পুজো ও প্রার্থনা করেন। রামনবমী উপলক্ষে কাশিপুরে শ্যাম রঘুনারায়ণ মন্দিরে পুজো ও প্রসাদ বিতরনেও শামিল হন তিনি। তারপর এই বিধানসভার হুড়া ব্লকের শোভাযাত্রায় অংশ নেন। মানবাজারের বিজেপি প্রার্থী ময়না মুর্মু পুঞ্চায় হনুমানের চরণে প্রার্থনা করেন।

Post Comment