নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
শ্রমিক চেয়েছিল পারিশ্রমিক৷ আর সেটাই হলো কাল। মেরে তার মাথা ফাটিয়ে দিল রাজমিস্ত্রি। মঙ্গলবার রাতে পুরুলিয়ার বলরামপুর থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম লখিন্দর সরেন। বাড়ি এই থানারই মাহাতো কেরোয়া গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা শঙ্কর রূহিদাস অভিযোগ দায়ের করে পুলিশকে জানান তার ছেলে রাজেশ রুহিদাস ওই রাজমিস্ত্রির সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করে। রবিবার পারিশ্রমিকের বকেয়া টাকা চাইতে গেলে রেগে যায় লখিন্দর। লাঠি নিয়ে ওই রাজেশের উপর হামলা চালায় সে বলে অভিযোগ। মাথায় চোট লাগে রাজেশের। পরিবারের লোকজন জখম যুবককে উদ্ধার করে প্রথমে তাকে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। লাঠিটিও উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment