insta logo
Loading ...
×

ঘর হারানো যুবতীকে বাড়ি ফেরালো বান্দোয়ান থানা

ঘর হারানো যুবতীকে বাড়ি ফেরালো বান্দোয়ান থানা

নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান:

রাত তখন যথেষ্ট গভীর। প্রায় অন্ধকারে ডুবে বান্দোয়ান বাসস্ট্যান্ড চত্বর। সেই সময়ই এক যুবতীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ জাগে স্থানীয় বাসিন্দাদের মনে। কে তিনি? কোথা থেকে এসেছেন? এর আগে এলাকায় তাঁকে কেউ দেখেননি বলেই দাবি স্থানীয়দের।

বুধবার রাত প্রায় ন’টা নাগাদ ঘটনাটি নজরে আসে এলাকাবাসীর। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় খবর দেওয়া হয় বান্দোয়ান থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক সহায়তার ব্যবস্থা করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে মহিলাটি মানসিকভাবে রয়েছেন।কিছুটা অসংলগ্ন অবস্থায় । পরে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, তাঁর নাম বন্দনা কর্মকার এবং তিনি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার বাসিন্দা।

পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে খবর পেয়ে তাঁর স্বজনেরা থানায় পৌঁছান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মহিলাকে তাঁর স্বামী শীতল রানার হাতে নিরাপদে তুলে দেয় পুলিশ। পুলিশের মানবিক এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Post Comment