নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
জঙ্গলমহলের আদিবাসী সমাজের নাগরিক পরিচয়, সামাজিক সুরক্ষা ও মহিলা কল্যাণ প্রকল্প নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার প্রেক্ষিতে পুরুলিয়ার মানবাজার–২ নম্বর ব্লকের শুশুনিয়ায় শনিবার এক প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বনমন্ত্রী বলেন, দেশের মূলবাসী হিসেবে আদিবাসী জনজাতিরা আজ বিভিন্ন নথিপত্র দেখিয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য হচ্ছেন—যা উদ্বেগজনক। তিনি বলেন, এই পরিস্থিতি শুধু প্রশাসনিক নয়, সামাজিক দিক থেকেও গভীর প্রভাব ফেলছে। আদিবাসী সমাজের মানুষ যাতে নিজেদের ভিটেমাটি ও সামাজিক অধিকার নিয়ে আতঙ্কে না থাকেন, সেই বিষয়েই তিনি সচেতন থাকার আহ্বান জানান। সভায় রাজ্য সরকারের মহিলা কল্যাণমূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়েও আলোচনা হয়। বনমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলি গ্রামীণ ও আদিবাসী মহিলাদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হিসেবে মহিলাদের এগিয়ে আসা এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ না থেকে, নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন, জেলা যুব সভাপতি গৌরব সিং এবং পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন। সভা থেকে জঙ্গলমহলে সামাজিক সুরক্ষা ও অধিকার রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়।











Post Comment