insta logo
Loading ...
×

নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তেই আগাম সতর্কতা পুরুলিয়ায়

নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তেই আগাম সতর্কতা পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তেই আগাম সতর্কতামূলক প্রস্তুতি শুরু করে দিল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর ও পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশিকা এখনও জেলায় না পৌঁছালেও, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই প্রশাসনিক ও চিকিৎসা স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিপা সংক্রমণের সম্ভাব্য রোগীদের জন্য আলাদা ইউনিট, দুটি নির্দিষ্ট রুম এবং লালা পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। জ্বর বা নিপা-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার মাধ্যমে সংক্রমণ চিহ্নিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালর এমএসভিপি সুকমল বিষয়ী জানান, “রাজ্য থেকে গাইডলাইন এলেই আমরা প্রস্তুত আছি। প্রাথমিক পর্যায়ে আইসোলেশন, পরীক্ষা ও পর্যবেক্ষণের সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে।”

জানা যাচ্ছে, শীতের মরসুমে খেজুরের রস ও খেজুর গুড়ের সঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। জেলার বিভিন্ন প্রান্তে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি হয়, তাই আপাতত এই রস বা গুড় পান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

অকারণে আতঙ্ক নয়, তবে জ্বর বা অসুস্থতা দেখা দিলেই দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা জুড়ে নজরদারি ও প্রস্তুতি বাড়ানো হয়েছে বলেই জানাচ্ছে স্বাস্থ্য প্রশাসন।

Post Comment