নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘ভবন হীন’ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে ৬৬টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুলিয়া জেলায় তৈরি হবে দু’টি নতুন স্বাস্থ্যকেন্দ্র।
স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী, পুরুলিয়ার মানবাজার–২ ব্লকের জামতোরিয়া এবং হুড়া ব্লকের চাটুমাদার এলাকায় একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর ভবন গড়ে তোলা হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার টাকা। সেই হিসাবে জেলায় দু’টি কেন্দ্র তৈরিতে মোট খরচ হবে প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়নকারী সংস্থা ঠিক করা হবে এবং প্রয়োজনীয় আর্থিক অনুমোদনের পরেই কাজ শুরু করার বরাত দেওয়া হবে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কাজের টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে কাজের বরাত জারির পর ৯ মাসের মধ্যে নির্মাণ শেষ করতে হবে। পুরো প্রকল্পের অর্থ পুরুলিয়া জেলা পরিষদের মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দেবে।
স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, কাজের অগ্রগতি ও গুণমান খতিয়ে দেখতে রাজ্যস্তরের দল নিয়মিত পরিদর্শন করবে। দপ্তরের কড়া নির্দেশ, কাজ শুরুর আগে, নির্মাণ চলাকালীন এবং কাজ শেষ হওয়ার পর পুরো প্রকল্পের বিস্তারিত ফটো তুলে রাখতে হবে।









Post Comment