insta logo
Loading ...
×

স্নাতক স্তরে সাঁওতালি ও কুড়মালি চালুর আবেদন! সৌমেনের নেতৃত্বে উপাচার্যের সঙ্গে বৈঠক পুরুলিয়ার তিন কলেজের

স্নাতক স্তরে সাঁওতালি ও কুড়মালি চালুর আবেদন! সৌমেনের নেতৃত্বে উপাচার্যের সঙ্গে বৈঠক পুরুলিয়ার তিন কলেজের

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

জঙ্গলমহলে মাতৃভাষায় উচ্চশিক্ষার প্রসারে আরও এক বড়সড় পদক্ষেপ। পুরুলিয়ার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, জে কে কলেজ এবং রঘুনাথপুর কলেজে স্নাতক স্তরে সাঁওতালি ও কুড়মালি বিষয়ের পঠনপাঠন চালু করার জোরালো আবেদন জানিয়ে এবার সরাসরি সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিন কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া।

​মঙ্গলবার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্রকুমার চক্রবর্তীর কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতি সৌমেন বেলথরিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন জে কে কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তনু চট্টোপাধ্যায়, রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় এবং কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের এক অধ্যাপক। ​বৈঠক শেষে সৌমেন বেলথরিয়া জানান, কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, জে কে কলেজ এবং রঘুনাথপুর কলেজে স্নাতক স্তরে সাঁওতালি ও কুড়মালি ভাষার পঠনপাঠন চালু করার বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের আই. সি. (ইন্সপেক্টর অফ কলেজেস)-এর সঙ্গে এই আবেদন ও আনুষঙ্গিক সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত ইতিবাচক কথা হয়েছে।
ওই দুই ভাষা ছাড়াও এআই, হেলথ ম্যানেজমেন্ট ও শিল্প সংক্রান্ত নানান কোর্সও আগামীদিনে চালু হবে।

​এই বিষয়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পবিত্রকুমার চক্রবর্তী স্পষ্টভাবে বলেন, ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিল (রাজ্য উচ্চ শিক্ষা সংসদ) এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রথমে ওই কলেজগুলিতে ইনস্পেকশন বা পরিদর্শন করা হবে। এরপর সরকারি অনুমোদন (Government Approval) বা সবুজ সংকেত মিলে গেলেই কলেজগুলিতে সাঁওতালি ও কুড়মালি ভাষার পঠনপাঠন আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। উপাচার্যের এই আশ্বাসের খবরে স্বাভাবিকভাবেই জঙ্গলমহলের পড়ুয়া ও ভাষাপ্রেমী মানুষদের মধ্যে এক নতুন আশার আলো তৈরি হয়েছে।

Post Comment