নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দীর্ঘদিনের যানজট সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে এবার কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া পুরসভা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা পোস্ট অফিস মোড় থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড ও কাপড় গলি পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয় পুরসভার পক্ষ থেকে। এদিন পুরুলিয়া পুরসভার আধিকারিকেরা সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং রাস্তার ওপর অবৈধভাবে দোকানের সামগ্রী সাজিয়ে ব্যবসা করার প্রবণতার বিরুদ্ধে কড়া নির্দেশ দেন। প্রশাসনের তরফে দোকানদারদের স্পষ্ট জানানো হয়, কোনোভাবেই রাস্তার ওপর পণ্য রাখা যাবে না। পথচারী ও যান চলাচলে যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
যেসব দোকানদার রাস্তার মধ্যে বা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন, তাঁদের অবিলম্বে সামগ্রী গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পুরসভা জানিয়ে দেয়, এই নির্দেশ অমান্য করলে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনিভাবে রাখা সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। পুরসভার এই অভিযানে স্বাভাবিকভাবেই শহরের যানজট কমবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের দাবি, এই অভিযান শুধু একদিনের নয়—আগামী দিনেও নিয়মিত নজরদারি চলবে। শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতেই এই কঠোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরুলিয়া পুরসভার আধিকারিকেরা।











Post Comment