সুইটি চন্দ্র, পুরুলিয়া:
অপরাধ দমনের কঠিন দায়িত্বের মাঝেও যে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দলগত ঐক্য কতটা গুরুত্বপূর্ণ—তারই এক জীবন্ত ছবি উঠে এল পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে। চোখধাঁধানো আয়োজন ও নিখুঁত সমন্বয়ের মধ্য দিয়ে বুধবার শুরু হল পুরুলিয়া জেলা পুলিশের দু’দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
দিনের শুরুতেই বর্ণাঢ্য কুচকাওয়াজে নজর কাড়েন পুলিশ কর্মীরা। কেবলমাত্র মার্চপাস্ট নয়, কুচকাওয়াজের ছন্দে ছন্দে উঠে আসে শৃঙ্খলা ও প্রস্তুতির বার্তা। বিশেষ আকর্ষণ ছিল—মানবশৃঙ্খলের মাধ্যমে ভারতবর্ষের মানচিত্র তুলে ধরা, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
বুধবার ক্রীড়ানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য পুলিশের বাঁকুড়া রেঞ্জের আইজি শিসরাম ঝাঝোরিয়া। পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ হয় আরও গাম্ভীর্য ও উৎসবের আবহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন,
“এই বার্ষিক ক্রীড়া শুধুমাত্র খেলাধুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। পুলিশ বাহিনীর জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি টিম স্পিরিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য আরও মজবুত করে।”
পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৫০টিরও বেশি প্রতিযোগিতা রয়েছে এই বার্ষিক ক্রীড়ায়। দৌড়, ফিল্ড ইভেন্টের পাশাপাশি থাকছে দক্ষতা ও মনোসংযোগ যাচাইয়ের নানা ইভেন্ট। বৃহস্পতিবার, অর্থাৎ প্রতিযোগিতার শেষ দিনে অতিথিদের অংশগ্রহণে থাকছে একাধিক আকর্ষণীয় ও ব্যতিক্রমী প্রতিযোগিতা, যা প্রতি বছরই বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
আকর্ষক প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে—এয়ার গান শুটিং, তীরন্দাজি, পুটিং দ্য বল ইনটু দ্য হোল, টাগ ওফ ওয়ার এবং বিনোদনমূলক ইভেন্ট ‘যেমন খুশি সাজো’।
সব মিলিয়ে, পুরুলিয়া জেলা পুলিশের এই বার্ষিক ক্রীড়ানুষ্ঠান শুধু খেলাধুলোর আসর নয়—এ এক প্রস্তুতির মহড়া, যেখানে দায়িত্বের বাইরেও গড়ে ওঠে শক্ত বন্ধন, দৃঢ় মনোবল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা।











Post Comment