নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের সিরকা সাঁওতাল পাড়ায় ত্রিপলের নিচে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে দ্রুত নড়েচড়ে বসল প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই মানবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যেই কেন্দ্রটি গ্রামের কমিউনিটি হলে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিরকা সাঁওতাল পাড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছিল। কিন্তু সম্প্রতি বাড়ির মালিক সংস্কারের কাজ শুরু করায় আইসিডিএস কর্তৃপক্ষকে ওই জায়গা ছাড়তে বলা হয়। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় অঙ্গনওয়াড়ি কর্মীরা সাময়িকভাবে খোলা জায়গায় ত্রিপল টাঙিয়ে কেন্দ্র চালাতে বাধ্য হন। এমনকি শিশুদের জন্য রান্নাবান্নার কাজও সেখানেই করতে হচ্ছিল।
এরপর গত ১১ মার্চ বান্দোয়ান ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক মৃদুল চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখে তিনি গ্রামবাসী এবং এলাকার সুধীজনদের নিয়ে একটি বৈঠক করেন।
বৈঠকে শিশুদের নিরাপত্তা ও পরিষেবার স্বার্থে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার ভিত্তিতে গ্রামের কমিউনিটি হলকে বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয়।
প্রশাসনের দাবি, স্থানীয় বাসিন্দা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সহযোগিতায় দ্রুততার সঙ্গে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়মিতভাবে কমিউনিটি হল থেকেই পরিচালিত হচ্ছে।










Post Comment