insta logo
Loading ...
×

উৎসবের আবহে অকাল মৃ*ত্যু ঠেকাতে কঠোর নজরদারি জেলা জুড়ে

উৎসবের আবহে অকাল মৃ*ত্যু ঠেকাতে কঠোর নজরদারি জেলা জুড়ে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতোয়ারা শহর-গ্রাম—কিন্তু সেই আনন্দ যেন অকালমৃত্যু ডেকে না আনে, সে দিকেই এবার কঠোর নজর পুরুলিয়া জেলা পুলিশের। বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার আশঙ্কা রুখতে জেলা জুড়ে চালু করা হয়েছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ বিরোধী বিশেষ অভিযান।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একযোগে এই অভিযান চালানো হচ্ছে জেলার ২৩টি থানা এলাকা ও পুরুলিয়া শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে, মোট ২৭টি চেকিং পয়েন্টে।
সদর ট্রাফিক থানার নেতৃত্বে পুলিশ আধিকারিকরা বাইক থেকে শুরু করে চারচাকা—সব ধরনের গাড়ির চালকদের উপর নজরদারি চালাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রেথ এনালাইজার পরীক্ষায় চালকের শরীরে ১০০ মিলিলিটার রক্তে ৩০ মিলিগ্রাম বা তার বেশি অ্যালকোহল ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আধুনিক মেশিনের মাধ্যমে মুহূর্তের মধ্যেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাচ্ছে, ফলে এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। আইন ভাঙলেই সঙ্গে সঙ্গে গাড়ি বাজেয়াপ্ত। পরিবারের সদস্যদের ডেকে জামিন প্রক্রিয়া। পরবর্তীতে আদালতে হাজিরা, ১০ হাজার টাকা জরিমানা না দিলে গাড়ি ফেরত নয়।

বর্ষশেষ ও উৎসবের মরশুমে আনন্দের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা থেকেই একের পর এক দুর্ঘটনা—কোথাও প্রাণহানি, কোথাও আজীবনের অক্ষমতা। এই অন্ধকার দিকটাকেই সামনে এনে আগাম সতর্কতায় নামল পুরুলিয়া জেলা পুলিশ। নিয়ম ভাঙার পরে শাস্তি নয়, বরং নিয়ম মেনে চলার বার্তাই পৌঁছে দিতে জেলার বিভিন্ন প্রান্তে চলছে কড়া চেকিং। পুলিশের স্পষ্ট বক্তব্য, উৎসবের আনন্দ তখনই সম্পূর্ণ, যখন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে।“উৎসব মানেই উচ্ছৃঙ্খলতা নয়। আনন্দ করুন, তবে দায়িত্বশীল থাকুন। এক মুহূর্তের ভুল যেন কারও সারাজীবনের কান্না না হয়ে ওঠে।”
নতুন বছর শুরুর আগে পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযানে স্পষ্ট ইঙ্গিত
এক মুহূর্তের অসচেতনতা সারাজীবনের আফসোস ডেকে আনতে পারে।

Post Comment