insta logo
Loading ...
×

পাহাড়তলির দুর্গম অরণ্যে প্রশাসনের কড়া নজরদারি,অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় যৌথ অভিযান

পাহাড়তলির দুর্গম অরণ্যে প্রশাসনের কড়া নজরদারি,অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় যৌথ অভিযান

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

অযোধ্যা পাহাড়তলী এলাকার দুর্গম গ্রামগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ মাদকচক্রের বিস্তার রুখতে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। দীর্ঘদিন ধরেই পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে নজর এড়িয়ে বেআইনি চাষের অভিযোগ সামনে আসছিল। সেই প্রেক্ষিতেই রবিবার বৃহৎ যৌথ অভিযানে নামে পুলিশ, আবগারি বিভাগ ও বনদপ্তর। প্রশাসনের দাবি, শুধু আইন প্রয়োগ নয়, ভবিষ্যতে অবৈধ মাদক উৎপাদন রোধে নজরদারি ও সচেতনতা বাড়ানোই এই অভিযানের মূল উদ্দেশ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অযোধ্যা পাহাড় সংলগ্ন কিছু এলাকায় প্রশাসনিক নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি রায়তি ও বনদপ্তরের জমিতে নিষিদ্ধ ফসল চাষ করছিল বলে অভিযোগ। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে প্রশাসন পরিকল্পিতভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।
রবিবার সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত বলরামপুর থানার অধীন লুকুই-চাটানি, বড়গোড়া, ঘাটবেড়া, কলাবেড়া ও গেঁড়ুয়া অঞ্চলের একাধিক স্থানে অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জমিতে ট্রাক্টর চালিয়ে অবৈধ পোস্ত চাষ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। অভিযানে অংশ নেন পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার নির্মল কুমার দাস, বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী, বলরামপুর থানার আইসি অর্ণব গুহ, জেলা আবগারি বিভাগের আধিকারিক, আবগারি ওসি, বলরামপুর ফরেস্ট রেঞ্জার, বিএলআরও সহ বিশাল পুলিশ বাহিনী‌।
রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ বলরামপুর থানার সূত্রে জানা যায়, অবৈধ পোস্ত চাষের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন।

Post Comment