insta logo
Loading ...
×

পণের দাবিতে যুবতীকে খুনের অভিযোগ, পাড়ায় চাঞ্চল্য

পণের দাবিতে যুবতীকে খুনের অভিযোগ, পাড়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পণের দাবিতে যুবতীকে খুনের অভিযোগ উঠল পাড়া থানার অন্তর্গত ধাদকিডি গ্রামে। অভিযোগের ভিত্তিতে পাড়া থানার পুলিশ রেখা বাউরির স্বামী আকাশ বাউরিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

চরপটিয়া গ্রামের জবা বাউরি সোমবার পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, ২০১৯ সালের ১২ মার্চ সামাজিকভাবে মন্দিরে আকাশ বাউরির সঙ্গে মেয়ে রেখার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক কন্যা সন্তানও জন্মায়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পণের নামে বাপের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আনার জন্য চাপ দিতে থাকে। পরিবার টাকা দিতে না পারায় দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চলত বলে অভিযোগ।

জবা বাউরি জানান, গত ১৮ নভেম্বর বিকেলে হঠাৎই মেয়ের মৃত্যুর খবর পান তারা। তড়িঘড়ি শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে সন্দেহ আরও বেড়ে যায়। পরদিন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরিবারের দাবি, রেখাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ আকাশ বাউরিকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পাড়া থানার পুলিশ।

Post Comment