insta logo
Loading ...
×

যত কাণ্ড জয়পুরে, তৃণমূল, বিজেপির পর এবার বাম ঐক্যেও ফাটল

যত কাণ্ড জয়পুরে, তৃণমূল, বিজেপির পর এবার বাম ঐক্যেও ফাটল

সুজয় দত্ত , জয়পুর:

ভোটের আগে উত্তাপ চরমে ২৪১ নম্বর জয়পুর বিধানসভায়। তৃণমূলের প্রার্থী ঘিরে বিতর্ক, বিজেপির অন্দরে অসন্তোষ—তারই মধ্যে বাম শিবিরেও ফাটল প্রকট। এই পরিস্থিতির আভাস আগেই তুলে ধরেছিল পুরুলিয়া মিরর।

রবিবার জয়পুর চটিপাড়া আপ্যায়ন ভবনে সিপিএমের ডাকা প্রস্তুতি বৈঠক ঘিরে সেই অস্বস্তিই প্রকাশ্যে এল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হারাধন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল মাহাতো। সূত্রের খবর, বৈঠক শুরু হতেই বামফ্রন্টের ঐক্য প্রসঙ্গ উঠতেই ক্ষোভে ফেটে পড়েন একাংশ কর্মী। প্রশ্ন ওঠে, “যে দল আগে জোট ভেঙেছিল, তাদের প্রার্থীর হয়ে এখন কেন কাজ করতে হবে?”

স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট থাকা সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক আলাদা প্রার্থী দেয়। ফলে জোটের প্রার্থী ক্ষতিগ্রস্ত হন। সেই ক্ষোভই এ দিন ফের সামনে আসে। পাশাপাশি জয়পুরে সিপিএমের নিজস্ব প্রার্থী দেওয়ার দাবিও ওঠে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে জেলা নেতৃত্ব বৈঠক ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। যদিও তাঁদের তরফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সিপিএমের জয়পুর এরিয়া কমিটির সদস্য বিধান মাহাতো বলেন, “২০২১ সালে বামফ্রন্টের ঐক্য মানা হয়নি। এখন কেন মানব, তারই জবাব চাইছিলাম।”

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে জয়পুর কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রায় ১৯ হাজার ৪১৩ ভোট পান। অন্যদিকে, কংগ্রেসের জোট প্রার্থী ফনীভূষণ কুমার প্রায় ১২ হাজার ভোটে পরাজিত হন। স্থানীয় নেতৃত্বের একাংশের দাবি, তখন জোট অটুট থাকলে ফল অন্যরকম হতে পারত।

ভোটের মুখে এই ঘটনার জেরে বাম শিবিরে অস্বস্তি আরও বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Post Comment