insta logo
Loading ...
×

কুড়মি জাতির দাবি পূরণে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে অজিত প্রসাদ মাহাতো

কুড়মি জাতির দাবি পূরণে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে অজিত প্রসাদ মাহাতো

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জাতিসত্তার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু এখনও কাঙ্ক্ষিত ফল পায়নি। এবার কুড়মি জাতির বিভিন্ন দাবি-দাওয়া পূরণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। সোমবার সংসদ ভবনে দুপুর বেলায় অমিত শাহের সঙ্গে মূল মানতা সহ বৈঠক করেন আদিবাসী কুড়মি সমাজের ৭ জনের একটি প্রতিনিধি দল।

জানা গিয়েছে , এদিন আদিবাসী কুড়মি সমাজের তরফে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, সারনা ধর্মের পৃথক কোড চালু করা এই তিনটি দাবি জানানো হয় । আদিবাসী কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে দাবি গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চলতি মাসে দলীয় কর্মসূচি থেকে
আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেছিলেন
, ‘নো ভোট টু টিএমসি’। সেই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে শর্ত আরোপ করে জানান, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্র পদক্ষেপ নিলেই তারা বিজেপিকে সমর্থন করবেন। যদিও ইতিমধ্যেই কুড়মালিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য কেন্দ্রের কাছে দরবার করেছে।

এদিকে গত সপ্তাহে কুড়মি আন্দোলনের নেতা (উপদেষ্টা) রাজেশ মাহাতো হঠাৎ করে বিজেপিতে যোগদান করেন । যোগদানের পরেই রাজেশ মাহাতোর সঙ্গে বৈঠক করেন মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়, তাহলে কি বিজেপিমুখীই হচ্ছে আদিবাসী কুড়মি সমাজ। এদিন ওই বৈঠকে রাজেশ মাহাতো ছাড়াও ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ।

Post Comment