insta logo
Loading ...
×

ডিআই দপ্তরের সামনে এআইডিএসও বিক্ষোভ, শিক্ষকদের শূন্যপদ পূরণের দাবি

ডিআই দপ্তরের সামনে এআইডিএসও বিক্ষোভ, শিক্ষকদের শূন্যপদ পূরণের দাবি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

শিক্ষা ব্যবস্থায় আঘাত হানা উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। শিক্ষা সংক্রান্ত এমন একাধিক ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার পুরুলিয়া জেলায় ডিআই সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও- র জেলা শাখা। সংগঠনের দাবি, সাম্প্রতিক বিভিন্ন শিক্ষানীতিগত সিদ্ধান্ত ও অবকাঠামোগত সমস্যার ফলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই বিষয়গুলিকে সামনে রেখেই এদিনের কর্মসূচি সংগঠিত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ৯০ জন ছাত্রছাত্রী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভের পরে প্রতিনিধিদল ডিআই দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয়।
ছাত্রদের দাবি, বহু শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্যতা রয়েছে, যার ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্কুলের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও পর্যাপ্ত আর্থিক বরাদ্দের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছে। এই বিষয়গুলির দ্রুত সমাধান দাবি করেই ডিআই দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বের প্রতিনিধিরাও। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি বিকাশ রঞ্জন কুমার এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ব্রতীন দাস।
সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি তন্ময় মহাপাত্র বলেন, “জেলার বহু স্কুলে এখনও শিক্ষক ঘাটতি একটি বড় সমস্যা হয়ে রয়েছে। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রভাব পড়ছে।
সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রথমেই শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষা সংক্রান্ত যে সিদ্ধান্তগুলি ছাত্রদের উপর প্রভাব ফেলছে, সেগুলিও পুনর্বিবেচনা করা দরকার।”

তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর ছাত্র আন্দোলনের কর্মসূচি নেওয়ার কথাও ইঙ্গিত দেন তিনি।

Post Comment