নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন দায় ছাত্রীর। ছাত্রী ও তার বাবা কর্তৃপক্ষের বিরুদ্ধে আনছেন দায়িত্বহীনতার অভিযোগ। টানাপোড়েন চলল। ফল মিলল না কিছুই৷ অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় ছাত্রীর আরও একটি বছর নষ্ট হলো। মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না কিশোরী। অভিযোগে ফেটে পড়লেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। তালা ঝুলল স্কুলে। পঠন পাঠন উঠল লাটে।
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই এমন ঘটনা কাশিপুর থানার নতুনগ্রাম হাই স্কুলে। এই বিদ্যালয়ের সিসি পরীক্ষার্থী সুস্মিতা মাহাতো যথাযথ সময়ে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ার কারণে মাধ্যমিকে বসতে পারল না। ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দোষারোপ করব নতুনগ্রাম হাইস্কুলের বাইরে স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নয় এই উচ্চ বিদ্যালয়। ফলে সেখানে পঠন পাঠন চলছিল স্বাভাবিক নিয়মে। কিন্তু বিক্ষোভের জেরে ওই বিদ্যালয়ে আজ পঠন পাঠন বিঘ্নিত হয়।
ছাত্রী সুস্মিতা মাহাতো ও তার বাবা গণেশ মাহাতোর অভিযোগ স্কুল কর্তৃপক্ষের উদাসীনতায় পরীক্ষা দিতে পারল না ছাত্রীটি।
অন্যদিকে ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ তন্তুবায় দুঃখ প্রকাশ করলেও অ্যাডমিট না পাওয়ার জন্য সমস্ত দায় ওই ছাত্রীর উপরে চাপিয়েছেন। তিনি বলেন, “বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য যে ফোন নং সে দিয়েছিল সেটির ইনকামিং পরিষেবা ছিল না। বিদ্যালয় তার সঙ্গে যোগাযোগই করতে পারেনি। সময়ে যোগাযোগ করেনি ছাত্রীটি। যখন যোগাযোগ করল, তখন সময় পার হয়ে গেছে।”
বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ে প্রশাসনিক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।








Post Comment