দেবীলাল মাহাত, আড়শা:
ফের কুম্ভযাত্রায় দুর্ঘটনা। ফের পুরুলিয়ার দুর্ঘটনাগ্রস্ত পুণ্যার্থীদের ঘরে ফেরাতে সহায় জেলা প্রশাসন। ফের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তহবিল থেকে অর্থ বরাদ্দ করে ফেরানো হচ্ছে তাদের। বাস ভাড়া লাগছে ৮০ হাজার টাকা।
কুম্ভমেলা থেকে ফেরার পথে বেনারসের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল তীর্থযাত্রী বোঝাই পুরুলিয়ার একটি বাস। সেই বাসের আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয় সেখানকার হাসপাতালে। তারপর পুরুলিয়া জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই তীর্থযাত্রীদের নিয়ে পুরুলিয়ার উদ্দেশে যাত্রা করেছে অন্য একটি বাস। আবারও রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের তহবিল থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের নিয়ে ফিরছে বাস। বাসে থাকা এক তীর্থযাত্রী প্রভাস মাঝি জানান, প্রশাসনের সহযোগিতায় আমরা বাড়ি ফিরছি। আমাদের বাস ৪.৩০ নাগাদ বেনারস থেকে ছেড়েছে। জেলাশাসক রজত নন্দা বলেন, ওখানকার জেলাশাসককে বলে আমরা একটা বাসের ব্যবস্থা করেছি। বাসের ভাড়া প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা দফতর থেকে আমরা মিটিয়ে দেবো। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি শনিবার সকালে পুরুলিয়া পৌঁছাবে। এদিন সন্ধ্যায় আড়শা ব্লকের ফস্কো গ্রামে তীর্থযাত্রীদের পরিবারের সাথে দেখা করেন, আড়শা ব্লকের বিডিও মইন আহম্মদ,আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা থানার ওসি সুপ্রতীক মন্ডল। পরিবারগুলিকে বলা হয়, প্রশাসন তাদের পাশে আছে।











Post Comment