নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
পুরুলিয়া জেলার বলরামপুরে মঙ্গলবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক হনুমাতা জলাধারের আল থেকে সরাসরি জলে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরেক যুবককে প্রথমে বাঁশগড় হাসপাতাল এবং পরে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
নিহত যুবকের নাম রাজু সিং সর্দার (১৮)। তিনি ঝাড়খণ্ডের হাতা এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম পিন্টু মণ্ডল, বাড়ি বরাবাজার থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু ও পিন্টু একটি বাইকে করে ভাগাবাঁধ গ্রাম থেকে বলরামপুরের দিকে যাচ্ছিলেন। সকালবেলা হনুমাতা জলাধারের কাছে পৌঁছতেই হঠাৎ বাইকটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যেই বাইকটি জলাধারের আল ভেঙে নিচে জলে পড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাজু সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। পিন্টু মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।











Post Comment