নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
জনবহুল এলাকাতেও নিরাপত্তা যে কতটা শিথিল। ফের তা চোখে আঙুল দিয়ে দেখাল স্কুটি চুরির ঘটনা। পুরুলিয়ার আদ্রা ওয়ারলেশ ময়দান সংলগ্ন এলাকা থেকে একটি স্কুটি চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আদ্রা থানা পুলিশ। ধৃতের নাম টিকু ওরফে বাবন ওরফে কৃষ্ণা বাউরি। তার বাড়ি আদ্রা থানার অন্তর্গত খারায় গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার আদ্রার ওয়ারলেশ ময়দানে ফুটবল খেলা দেখতে যান এক ব্যক্তি। খেলা চলাকালীন মাঠের পাশেই নিজের স্কুটি রেখে নিশ্চিন্তে খেলা উপভোগ করছিলেন তিনি। কিন্তু বিকালে খেলা শেষে ফিরে এসে দেখেন, তার স্কুটিটি উধাও। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার পর বৃহস্পতিবার আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু হয়। তদন্তে নেমে আশপাশের এলাকা ও তথ্যপ্রযুক্তির সাহায্যে সূত্র ধরে সোমবার রাতে অভিযুক্ত টিকুকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।










Post Comment