insta logo
Loading ...
×

৬ মাস নিখোঁজ ঝালদার যুবক, কোথায় আছে সৃষ্টিধর?

৬ মাস নিখোঁজ ঝালদার যুবক, কোথায় আছে সৃষ্টিধর?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ছয় মাস কেটে গিয়েছে। প্রতিটি দিন প্রতিটি রাত কাটছে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মধ্যে। পুরুলিয়া জেলার ঝালদা থানা এলাকার পুরনো ঝালদা গ্রামের কুইরি পরিবার আশঙ্কায়, তাদের ছেলেটি আদৌ বেঁচে আছে তো?
নিখোঁজ যুবকের নাম সৃষ্টিধর কুইরি (২১)। পরিবারের দাবি, গ্রামের হরি মন্দির সংলগ্ন এলাকা থেকেই আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তাঁর কোনও হদিস মেলেনি।
সৃষ্টিধরের মা শান্তি কুইরি চোখের জল ধরে রেখে জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। কোথাও গেলে নিজের ঠিকানা বা পরিবারের কথা ঠিকভাবে বলতে পারে না। “ছয় মাস ধরে একদিনও শান্তিতে ঘুমোতে পারিনি। জানি না ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে।”
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের ঘটনার প্রায় পাঁচ মাস পর এক মাস আগে বাধ্য হয়ে ঝালদা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগের পরেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক খবর না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

নিখোঁজ যুবকের বাবা বসন্ত কুইরি বলেন, “ছেলে বেঁচে থাকুক বা না থাকুক, অন্তত তার কোনও খবর চাই। একটা চিহ্ন, একটা খবর পেলেও আমাদের মন শান্ত হবে।”
অসহায় পরিবার প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছে। কেউ যদি সৃষ্টিধর কুইরির সন্ধান পান বা কোনও তথ্য জানেন, তাহলে ৮৭১০০৮২৬০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Post Comment