insta logo
Loading ...
×

নেতাজীর প্রতিকৃতি অঙ্কনের অভিনব উদ্যোগ মানবাজারে

নেতাজীর প্রতিকৃতি অঙ্কনের অভিনব উদ্যোগ মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

শিশুমনই ভবিষ্যতের সমাজ—এই ভাবনাকে সামনে রেখে মানবাজার উচ্চতর বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছরের মতো এবছরও আয়োজন করল এক ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিযোগিতার। মানবাজার ব্লকের অন্তর্গত মোট ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ছোটদের শিল্পীসত্তাকে তুলে ধরার পাশাপাশি ইতিহাস ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল “নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি অঙ্কন”। কচি হাতের তুলিতে ফুটে ওঠে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের দৃঢ়তা, দেশপ্রেম ও আত্মত্যাগের নানা রূপ। প্রতিটি ছবিতেই ধরা পড়ে শিশুমনের কল্পনা, নিষ্ঠা ও ঐতিহাসিক বোধের মেলবন্ধন।
কঠিন বিচারপর্ব শেষে বিচারকমণ্ডলী যুগ্মভাবে প্রথম স্থান প্রদান করেন গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌভিক দত্ত এবং পাথরমহড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অভিনয় মাহাতো-কে। তাদের আঁকা ছবিতে নেতাজীর দৃঢ় ব্যক্তিত্ব ও সাহসী নেতৃত্ব নিপুণভাবে প্রতিফলিত হয়েছে বলে জানান বিচারকেরা।
দ্বিতীয় স্থান অধিকার করে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ঋষিতা কুম্ভকার। তার ছবিতে নেতাজীর মানবিক দিক ও দেশপ্রেমের আবেগ বিশেষভাবে প্রশংসিত হয়।
তৃতীয় স্থান লাভ করে মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া অনু গোস্বামী, যার শিল্পকর্মে ছিল রঙের ভারসাম্য ও ভাবের গভীরতা।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের প্রতিযোগিতা পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইতিহাসচর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।
এই প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন শিশুদের শিল্পীসত্তা বিকশিত হলো, তেমনই নেতাজীর আদর্শ নতুন প্রজন্মের মনে আরও একবার দৃঢ়ভাবে গেঁথে গেল।

Post Comment