নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
মকর সংক্রান্তির পবিত্র দিনে উৎসবের আনন্দ শুধু আচারেই নয়, মানবসেবার মধ্য দিয়েও ছড়িয়ে পড়ল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের জামবাইদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতিয়াতাড় গ্রামে। শ্রীমদ রাজচন্দ্র মিশন ধর্মপুরের ‘প্রেম ও যত্ন’ শাখা এই প্রত্যন্ত গ্রামে শীতবস্ত্র, নতুন জামাকাপড়, জুতো ও পোশাক বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াল।
প্রবল শীতের মধ্যে এই মানবিক উদ্যোগ যেন গ্রামজুড়ে এক উষ্ণতার ঢেউ বইয়ে দেয়। মোট ৯০টি পরিবারের প্রায় ৪৯২ জন গ্রামবাসী এই সহায়তা পেয়েছেন। শীতের হাত থেকে রক্ষার পাশাপাশি এই উপহার শিশুদের মুখে হাসি আর বয়স্কদের চোখে কৃতজ্ঞতার আলো ফুটিয়ে তোলে। উৎসবের দিনে এমন সহমর্মিতা গোটা বসতিকে আবেগে আলোকিত করে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সমর্থন জানান একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন জামবাইদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মাহাতো, মানবাজার সাব ডিভিশন প্রেস ক্লাবের সেক্রেটারি সমীর কুমার দত্ত, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক প্রদীপ কুমার দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী রাকেশ বিশ্বাস। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহানুভূতির বন্ধনকে আরও দৃঢ় করে।
শ্রীমদ রাজচন্দ্র মিশন ধর্মপুরের পক্ষ থেকে জানানো হয়, মিশনের সদস্যরা সারা বছর ধরে নিঃস্বার্থ সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। এই দর্শনই তাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসার শক্তি জোগায়।











Post Comment