নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রত্যন্ত গ্রামে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে গেল মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির ভালুবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই শুরু হল এক বিনামূল্যের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। গ্রামীণ পরিসরে যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেখানে এই উদ্যোগকে ঘিরে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন এলাকার বহু পরিবার।
শ্রীমদ রাজচন্দ্র মিশন-এর ‘লাভ অ্যান্ড কেয়ার’ শাখার উদ্যোগে, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়-এর ব্যবস্থাপনায় এবং ভালুবাসা অগ্রগামী মহিলা সংঘের তত্ত্বাবধানে চালু হওয়া এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে ৪০ জন মহিলাকে চার মাস ধরে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু প্রশিক্ষণই নয়, কোর্স সম্পূর্ণ করার পর তাঁদের জন্য সেলাই-সংক্রান্ত কাজের ব্যবস্থাও করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যাতে প্রশিক্ষণ সরাসরি আয়ের পথ তৈরি করে।
কেন্দ্রের উদ্বোধন করেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঝর্ণা মাহাতো-সহ প্রশাসনিক ও সমাজজগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া মহিলাদের মধ্যে নমিতা শবর, রূপালী শবর, মালা মাহাতো ও সন্ধ্যা মাহাতো জানান, “এই উদ্যোগ তাঁদের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। অনেকেই আগে কখনও বাড়ির বাইরে কোনও প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাননি। ফলে এই কেন্দ্র তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত তাদের”।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় আবদ্ধ থাকলে চলবে না। বাস্তব জীবনে কাজে লাগে এমন দক্ষতা অর্জনই আজকের সময়ের দাবি। গ্রামীণ মহিলাদের যদি আমরা দক্ষ করে তুলতে পারি, তাহলে একটি পরিবার নয়, একটি গোটা সমাজ এগিয়ে যাবে। এই প্রশিক্ষণ কেন্দ্র সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”











Post Comment