সুইটি চন্দ্র, পুরুলিয়া:
ভোটের আবহে যখন রাজনৈতিক ময়দানে রঙের লড়াই তুঙ্গে, ঠিক তখনই দোলের প্রাক্কালে পুরুলিয়া শহরের বাজারে দেখা গেল এক ভিন্ন ছবি। এখানে রঙ মানে উৎসব, রঙ মানে আনন্দ। গেরুয়া, সবুজ, লাল কিংবা হলুদ রাজনীতির সীমা ছাড়িয়ে দোলের বাজারে নিজেদের মতো করেই জায়গা করে নিয়েছে।
দোল-উপলক্ষে এবার বাজারে সবচেয়ে বেশি চর্চায় সস্তা দামের থিম-টি শার্ট। মাত্র ১০০ টাকায় মিলছে নানা স্লোগান লেখা টি-শার্ট—‘বুরা না মানো হোলি হে’, ‘পলাশ পরব’, ‘বসন্ত উৎসব’, ‘রঙ বঙ হোলি’, ‘হ্যাপি হোলি’, ‘হোলি হে’, ‘শুভ দোলযাত্রা’ এমনকি মজার ছলে ‘খেলবো হোলি, রাম খাব না’ লেখা টি-শার্টও দেদার বিকোচ্ছে”। জানালেন বিক্রেতা কৃষ্ণ দাস।
শহরের দেশবন্ধু রোডে সিটি সেন্টারের পাশেই বসেছে একাধিক অস্থায়ী স্টল। শুধু রাস্তার দোকান নয়, শহরের একাধিক কাপড়ের বিপণী ও শপিং মলেও একই চিত্র। তরুণ প্রজন্মের পাশাপাশি পরিবার-সহ ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
টি-শার্টের পাশাপাশি আবিরের বাজারও বেশ জমজমাট। রঙের দোকানের মালিক এসকে নাঈম জানান, “ প্রত্যেক রঙেরই আলাদা চাহিদা রয়েছে”। শহরের চকবাজার এলাকায় গিয়ে জানা যায়, রঙের ক্ষেত্রে পছন্দে ভিন্নতা থাকলেও বিক্রিতে প্রতিটি রঙেরই আলাদা দাপট রয়েছে। বিক্রেতা পূজা দত্ত বলেন, ” হার্বাল আবিরের চাহিদা বেশি।”
সব মিলিয়ে স্পষ্ট, রাজনৈতিক আবহ থাকলেও দোলের বাজারে মানুষ রঙ বেছে নিচ্ছেন উৎসবের আনন্দে, দলীয় পরিচয়ে নয়। গেরুয়া, সবুজ, লাল কিংবা হলুদ সব রঙ মিলিয়েই তৈরি হচ্ছে বসন্তের ক্যানভাস। দোলের আগের পুরুলিয়া শহরের বাজারে ঘুরে যা দেখা গেল, তাতে ব্যবসায়ীদের মুখে হাসি স্পষ্ট। সামনে দোল-হোলির মূল দু’দিন, তাই বিক্রি আরও বাড়বে বলেই আশাবাদী বিক্রেতা কানাই দাস। রঙের উৎসবে আপাতত রাজনীতি নয়, আনন্দেই মেতে উঠেছে পুরুলিয়ার বাজার।











Post Comment