insta logo
Loading ...
×

ঝালদায় স্কুল চত্বরেই শিক্ষকের বাইক চুরি, চাঞ্চল্য

ঝালদায় স্কুল চত্বরেই শিক্ষকের বাইক চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

জেলার ঐতিহ্যবাহী ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। স্কুল চত্বর থেকে শিক্ষকের বাইক চুরি! স্কুল চলাকালীন, দিনের আলোয় একজন শিক্ষকের বাইক চুরি হওয়ায় বিদ্যালয় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও উদ্বেগ।

এই ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক মহল প্রশাসনের কাছে স্কুল চত্বরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে বাইরের লোকজনের অবাধ যাতায়াত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বিদ্যালয়ের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর মাহাত জানান, “আমার ২৮ বছরের শিক্ষকতা জীবনে স্কুলের ভেতর থেকে এভাবে বাইক চুরির ঘটনা আগে কখনও ঘটেনি। স্কুলকে আমরা সবসময় নিরাপদ জায়গা বলেই জানি। সেখানে দিনের বেলায় এমন ঘটনা হওয়া খুবই উদ্বেগজনক।”

জানা গেছে, শুক্রবার প্রতিদিনের মতোই সত্যভামা বিদ্যাপীঠে নিজের বাইকটি স্কুল চত্বরে রেখে ক্লাসে যান শিক্ষক রাধাকান্ত মাহাত। দুপুরে কাজের ফাঁকে বাইকটি দেখতে গিয়ে তিনি দেখেন সেটি আর সেখানে নেই।
এরপর বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায়, এক ব্যক্তি নির্বিঘ্নে স্কুল চত্বর থেকে বাইকটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঝালদা থানার পুলিশ বিদ্যালয়ে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Post Comment