নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
চড়া গরমের মধ্যেই হঠাৎ কালবৈশাখীর ঝাপটা। রবিবার বিকেলে জেলার বিভিন্ন অংশে কালো মেঘে ঢেকে যায় আকাশ। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এমনই ঘন মেঘে ঢেকেছিল আকাশ যে বিকেল চারটের মধ্যেই যেন নেমে এসেছিল রাতের আঁধার।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬.৫২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুঞ্চায়—২৪.৪ মিমি। এছাড়া জয়পুরে ১৪.১ মিমি, ঝালদায় ১২.৬ মিমি, মানবাজারে ১১.০ মিমি এবং বরাবাজারে ১০.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাতোয়াড়ায় ৬.১ মিমি ও বলরামপুরে ৫.২ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে নিতুড়িয়া, সাঁতুড়ি, হুড়া, কাশিপুর ও পাড়ায় বৃষ্টির দেখা মেলেনি।
দিনের বেলায় তাপমাত্রা কিন্তু কমেনি খুব একটা। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরের পর থেকে হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেলের দিকে সেই মেঘ ঘন হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির খবরও মিলেছে। হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের এই সময় এমন কালবৈশাখী-ধাঁচের ঝড়বৃষ্টি অস্বাভাবিক নয়। তবে গরমের সামগ্রিক প্রবণতা এখনও ঊর্ধ্বমুখীই থাকবে।










Post Comment