insta logo
Loading ...
×

শহরে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ মহড়া

শহরে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ মহড়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া শহরে অগ্নিকাণ্ডজনিত বিপর্যয় এড়াতে আগাম প্রস্তুতিকে আরও মজবুত করতে সক্রিয় উদ্যোগ নিল পুরুলিয়া পুরসভা। শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলিতে দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে এক বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
এই মহড়ার আওতায় বাসস্ট্যান্ড, কোর্ট চত্বর, কাপড় গলি, এসবিআই ব্যাঙ্ক সংলগ্ন এলাকা, পি এন ঘোষ স্ট্রিট ও মেইন রোড-সহ একাধিক ব্যস্ত পথ পরিক্রমা করে দমকলের ইঞ্জিন। উদ্দেশ্য একটাই, যে কোনও সময় অগ্নিকাণ্ড ঘটলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায় এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। কোথায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হতে পারে, কোথায় জল নেওয়ার উৎস রয়েছে, কোন এলাকায় ঝুঁকি বেশি—সব দিকই খতিয়ে দেখা হয়েছে।
এই উদ্যোগে পুরুলিয়া দমকল বিভাগ, সদর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করে। মহড়া চলাকালীন সাধারণ মানুষকেও সচেতন করা হয় অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।

পুরুলিয়া পুরসভার পুরপ্রধান উৎপল কুমার ঘোষ বলেন, “নাগরিকদের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। আগাম প্রস্তুতি থাকলে বড় দুর্ঘটনাও এড়ানো সম্ভব। তাই এই ধরনের মহড়া নিয়মিত করা হবে।”
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাদের আশা, এর ফলে পুরুলিয়া শহরে অগ্নিকাণ্ডজনিত ঝুঁকি অনেকটাই কমবে।

Post Comment