নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
জেলা পুলিশের মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো কোটশিলায়। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী কোটশিলা থানার অধীন সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল মোটরসাইকেল অ্যাসিস্ট্যান্স পার্টি। এই বাহিনীর মূল উদ্দেশ্য, পরীক্ষার্থীদের যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য এগিয়ে আসা।
এই ব্যবস্থার কার্যকারিতা স্পষ্টভাবে দেখা যায় কোটশিলা গার্লস হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে। মঙ্গলবার বামনিয়া এলাকার শালগ্রাম গ্রামের ছাত্রী সত্যভামা কুমার পরীক্ষা দিতে এসে বুঝতে পারে যে সে ভুলবশত নিজের অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। মুহূর্তের মধ্যে চরম মানসিক চাপে পড়ে যায় সে, কান্নায় ভেঙে পড়ে। ইংরেজি পরীক্ষায় বসতে পারবে তো? এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মাথায়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীরা মানবিকতার পরিচয় দিয়ে ছাত্রীটিকে সান্ত্বনা দেন এবং পরিস্থিতি শান্ত করেন। এরপর সঙ্গে সঙ্গে মোটরসাইকেল অ্যাসিস্ট্যান্স পার্টিকে কাজে লাগিয়ে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা হয়। দ্রুত সেই অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় সত্যভামা। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
পুলিশের এই দ্রুত সিদ্ধান্ত, পরিকল্পিত প্রস্তুতি ও মানবিক উদ্যোগে এক পরীক্ষার্থীর সম্ভাব্য ভবিষ্যৎ সংকটের হাত থেকে রক্ষা পেলো, বলছেন উপস্থিত অভিভাবকরা।










Post Comment