নিজস্ব প্রতিনিধি,বোরো:
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এক মুহূর্তের দেরি যে একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে, তা প্রমাণিত হলো পুরুলিয়া জেলায়। তবে প্রশাসনের দ্রুততা ও পুলিশের মানবিক উদ্যোগে শেষ পর্যন্ত রক্ষা পেল এক ছাত্রের পরীক্ষা দেওয়ার সুযোগ।
মঙ্গলবার সকালে বোরো হাই স্কুলের প্রধান শিক্ষক কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান যে, চন্দনপুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সামুয়েল মান্ডি নির্ধারিত সময় পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়নি।
বিষয়টিতে গুরুত্ব দেয় পুলিশ। ছাত্রটি সোমবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল এবং মঙ্গলবারও তার পরীক্ষা ছিল। খবর পেয়েই বোরো থানার পুলিশ তৎক্ষণাৎ ছাত্রটির বাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে পুলিশ জানতে পারে যে, কোন কারণে প্রস্তুত হতে তার দেরি হয়ে গেছে আর তাই নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেছে ছাত্রটি। একটা বছর কি নষ্ট হয়ে যাবে? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে সে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পুলিশ আর সময় নষ্ট না করে নিজস্ব গাড়িতে করে ছাত্রটিকে তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র বোরো হাইস্কুলে নিয়ে যায়। পুলিশের দ্রুত ও মানবিক সহযোগিতায় ছাত্রটি শেষ পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।










Post Comment