নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সামনে এসেছে ঝালদার এক প্রৌঢ়ের চাঞ্চল্যকর অভিজ্ঞতা। তিনি বুঝতেই পারেননি, কখন তার অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। পরে ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করানোর পরই বিষয়টি তাঁর নজরে আসে। জানা যায়, ১৭ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে দফায় দফায় মোট ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়েছে তার অ্যাকাউন্ট থেকে।
ভুক্তভোগী প্রৌঢ় পুলিশের কাছে জানান, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুরি এলাকায় একটি ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। ১৯ মার্চ তিনি ব্যাংকে গিয়ে লেনদেনের হিসাব আপডেট করতেই পুরো ঘটনার কথা জানতে পারেন। এরপরই তিনি বুধবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার ধরন ও লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।










Post Comment