নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
এক যুবতী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বাঘমুন্ডি থানার অন্তর্গত ভেলাটাঁড় গ্রামে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ভিড় জমতে শুরু করে। বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমেছে বাঘমুন্ডি থানার পুলিশ।
মৃত গৃহবধূর নাম দীপালি কুমার (২৩)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ভেলাটাঁড় গ্রামেরই কৃষ্ণ কুমারের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির ভিতরেই দীপালির নিথর দেহ দেখতে পাওয়া যায় বলে দাবি পরিবারের।
খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেহ উদ্ধার করে নিয়মরক্ষায় নিকটবর্তী পাথরডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দীপালিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মৃতার পিতা লালডি গ্রামের বাসিন্দা তরণী কুমার মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিয়ের পর থেকেই দীপালির উপর মানসিক চাপ ও পারিবারিক অশান্তি চলছিল। প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতো বলেও অভিযোগ করেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।










Post Comment