নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই পুরুলিয়াবাসীর জন্য রেলের তরফ থেকে এল এক বড় উপহার। দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-রাঁচি রেলপথে নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশনের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হলো। পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই এই নতুন স্টেশনের শিলান্যাস করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
বিশ্ববিদ্যালয়ের একেবারে দোরগোড়ায় এই স্টেশনটি তৈরি হওয়ায় আগামী দিনে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন করতে আসা হাজার হাজার পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে এক বিরাট সুবিধা হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের এই গুরুত্বপূর্ণ শিলান্যাস অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন আদ্রা রেল মণ্ডলের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও।
অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত রেলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁরা পুরুলিয়ার সাধারণ মানুষের কথা ভেবে এতগুলি রেল প্রকল্প উপহার দিয়েছেন”। তিনি আরও জানান যে, শুধুমাত্র এই একটি স্টেশনই নয়, আজ জেলা জুড়ে মোট তিনটি স্টেশনের শিলান্যাস হতে চলেছে।
উল্লেখ্য, রেলের মানচিত্রে পুরুলিয়াকে আরও উন্নত করতে গত কয়েকদিন ধরেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই শিলান্যাসের ঠিক আগের দিন, অর্থাৎ গতকালও পুরুলিয়া জেলা একগুচ্ছ নতুন রেল প্রকল্পের উপহার পেয়েছে। নির্বাচনের ঠিক মুখে রেলের এই ধারাবাহিক উন্নয়নমূলক পদক্ষেপে জেলার যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেই আশা রাখছেন পুরুলিয়াবাসী।









Post Comment