insta logo
Loading ...
×

নজিরবিহীন ঘটনা পুরুলিয়া জেলা প্রাথমিকে

নজিরবিহীন ঘটনা পুরুলিয়া জেলা প্রাথমিকে

ব্রেকিং

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নজিরবিহীন ঘটনা। দীর্ঘদিনের ট্র‍্যাডিশন ভাঙল পুরুলিয়ায়। আর এই ট্র‍্যাডিশন ভঙ্গের কারিগর পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের শুক্রবার শেষ বিকেলে জারি করা একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত এপ্রিল সোমবার থেকে পুনরায় দিবা বিভাগ অর্থাৎ ডে শিফটে চলবে পুরুলিয়া জেলার প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলি।

সেই বাম আমল থেকেই পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের রীতি ছিল এপ্রিল, মে ও জুন মাসে প্রাতঃ বিভাগে চলবে বিদ্যালয়গুলি। রাজ্যের উষ্ণতম জেলায় কচিকাঁচা শিক্ষার্থীদের দাবদাহ থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বহাল ছিল তৃণমূল আমলেও। এবারই ব্যতিক্রম।

পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন বলেন, ” এ বছর ব্যতিক্রম হলো। আমরা ট্র‍্যাডিশন মেনে গত ২৬ মার্চ যে বিজ্ঞপ্তি জারি করেছিলাম, তাতে এপ্রিল, মে ও জুন মাসে মর্নিং স্কুল হওয়ার কথা ছিল। আমরা রাজ্যের কাছে বিষয়টি নিয়ে নিয়ম মোতাবেক আবেদনও পাঠাই। তার কোন প্রতিক্রিয়া মেলেনি বলেই সিদ্ধান্ত বদল।”

জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বিমলকান্ত মাহাতো বলেন, “আশা করছি শীঘ্রই মর্নিং শিফটে বিদ্যালয় চালানোর আদেশ আসবে।”

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তির সমালোচনা করে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি চন্দন চট্টোপাধ্যায় বলেন, ” তুঘলকি সিদ্ধান্ত। যেখানে নদীয়া ডিপিএসসি ৭ এপ্রিল থেকে মর্নিং স্কুল করার আদেশ দিচ্ছে, সেখানে রাজ্যের উষ্ণতম জেলায় মর্নিং স্কুলের অর্ডার বাতিল হচ্ছে! আজব ব্যাপার৷ এই তীব্র দাবদাহে কোন শিশু অসুস্থ হয়ে পড়লে তার দায় ডিপিএসসি নেবে তো?”

Post Comment