নিজস্ব প্রতিনিধি , বলরামপুর :
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় গুরুতর গাফিলতির অভিযোগ। জীবিত এক ভোটারকে ‘মৃত’ দেখিয়ে তাঁর নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারকে শোকজ করল জেলা নির্বাচন দফতর। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে যেমন তোলপাড় শুরু হয়েছে, তেমনই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
জেলা প্রশাসন সূত্রে খবর, বলরামপুর বিধানসভার ২৩৯ নম্বর কেন্দ্রের অন্তর্গত ২২৩ নম্বর পোলিং স্টেশনের ভোটার মহম্মদ গুলাম রসুল খালিফাকে খসড়া ভোটার তালিকায় ভুলবশত মৃত হিসেবে নথিভুক্ত করা হয়। অথচ তিনি জীবিত। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় জেলা নির্বাচন দফতর। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সুকুমার পাণ্ডাকে শোকজ নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, ভোটার তালিকার ত্রুটিহীনতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম ভিত্তি। এই ধরনের ভুল নির্বাচন আইন ও বিধির পরিপন্থী এবং দায়িত্বে চরম অবহেলার সামিল। কেন এমন ত্রুটি ঘটল, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে বিষয়টিকে ‘ইলেকশন আর্জেন্ট’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, “জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানোর গরমিল ধরা পড়ায় সংশ্লিষ্ট বুথের বিএলও-কে শোকজ করা হয়েছে।”
বিএলও সুকুমার পাণ্ডা বলেন, ” শোকজের জবাব দিয়েছি। কী করে এমন ভুল হলো, বুঝতে পারছি না।”
এই ঘটনার পর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের দাবি, এমন ভুল বরদাস্ত করা হবে না। তবে বাস্তবে এই ধরনের ত্রুটি ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়েই নতুন করে উদ্বেগ বাড়াল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।











Post Comment