insta logo
Loading ...
×

দুর্গম পাহাড়ে আগুন, বড় বিপদের মুখে জয়চণ্ডী পাহাড়ের বনভূমি

দুর্গম পাহাড়ে আগুন, বড় বিপদের মুখে জয়চণ্ডী পাহাড়ের বনভূমি

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর:

ঐতিহাসিক জয়চন্ডী পাহাড় সংলগ্ন নন্দুয়াড়া এলাকার কালিপাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন লাগার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল বিভাগকে। পাহাড়ের উচ্চতা ও ঢালু ভূপ্রকৃতির কারণে দমকলের জল সরাসরি আগুনের মুখে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিশেষ কৌশল অবলম্বন করতে হয় দমকল কর্মীদের।

পরিস্থিতি সামাল দিতে দমকল বিভাগ বিশেষ পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় আগুন যাতে আশপাশের বনাঞ্চল ও বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজর দেওয়া হয়। প্রশাসনের তরফে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে।

ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। স্থানীয় বাসিন্দারা প্রথমে লক্ষ্য করেন কালিপাহাড়ের বিস্তীর্ণ অংশ থেকে ধোঁয়া উঠছে এবং একাধিক জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও রঘুনাথপুর থানায়। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
দমকল আধিকারিক রাজেশ দে জানান,
“পাহাড়টি অনেক উঁচু হওয়ায় সরাসরি জল পৌঁছানো সম্ভব হয়নি। তাই আমরা ব্যাটিং পদ্ধতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতির উপর আমরা নজর রাখছি।”

Post Comment