insta logo
Loading ...
×

টিকিট কাটাকে ঘিরে তৃণমূল নেতা-কন্ডাক্টর বচসা, চাকরি গেলো কন্ডাক্টরের, বন্ধ মানবাজার–দুর্গাপুর বাস

টিকিট কাটাকে ঘিরে তৃণমূল নেতা-কন্ডাক্টর বচসা, চাকরি গেলো কন্ডাক্টরের, বন্ধ মানবাজার–দুর্গাপুর বাস

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

তৃণমূল নেতার সঙ্গে বচসা ও হাতাহাতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার মানবাজার ডিপোতে চরম উত্তেজনা ছড়ায়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের মানবাজার–দুর্গাপুরগামী বাসটি নির্ধারিত সময়ে রওনা দিতে পারেনি। ফলে বাসে উঠেও যাত্রীদের নেমে অন্য বাসে গন্তব্যে যেতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এদিন এক আত্মীয়কে বাসে তুলতে এসে টিকিট কাটতে গেলে কন্ডাক্টর বিশ্বরূপ দত্তের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, কন্ডাক্টর দুর্ব্যবহার করেন এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ভিড় জমে যায় ও মানবাজার থানার পুলিশ পৌঁছায়। পরে দু’পক্ষের মধ্যে আপস মিটমাট হয়।

তৃণমূলের মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, “ওই কন্ডাক্টর আমার সঙ্গে অসভ্য আচরণ করেন। পরিস্থিতি যাতে আর না বাড়ে, সে জন্য নিজেদের মধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের কাছে শুধু অনুরোধ জানিয়েছিলাম, তাঁকে অন্যত্র বদলি করা হোক। কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক, এমনটা আমি চাইনি।”

অন্যদিকে কন্ডাক্টর বিশ্বরূপ দত্তের দাবি, “আমার শরীর ঠিক না থাকায় আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছিলাম। সেই সময় টিকিট চাওয়া হলে জানাই, নির্দিষ্ট সময়ে টিকিট দেওয়া হবে। এরপর আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়।”

এই ঘটনার জেরে ওইদিন বাসটি আর দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়নি। অভিযোগের পর কন্ডাক্টর বিশ্বরূপ দত্তকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডিপো ইনচার্জ জানান, বিষয়টি সাময়িকভাবে মিটেছে এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post Comment