নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:
ভোটের আবহে পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে বাঘমুন্ডি থানার অন্তর্গত সুইসা অঞ্চলের তুন্তুড়ি এলাকায় একটি সরকারি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
দোকানের মালিক অরুণ চন্দ্র মাহাতো জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল। কিন্তু শনিবার সকালে স্থানীয় কিছু মানুষের কাছ থেকে ফোন পেয়ে তিনি দ্রুত দোকানে ছুটে আসেন। সেখানে পৌঁছে তিনি দেখেন দোকানের দরজার এক পাশ কেটে ফেলা হয়েছে এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি পরিকল্পিতভাবে দোকানের দরজা কেটে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে দামি মদের বোতল, বিয়ারসহ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
দোকান মালিকের দাবি, এই ঘটনায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











Post Comment