insta logo
Loading ...
×

দশ টাকায় ১২ হাজার কিমি! এ কী করছেন যুবক!

দশ টাকায় ১২ হাজার কিমি! এ কী করছেন যুবক!

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

অভিনব তাঁর বার্তা। অভিনব তাঁর পন্থা। ১২ হাজার কিমি পথ পদযাত্রার সূচনা করেছেন মধ্যপ্রদেশের পান্না জেলার হিনতো গ্রামের বাসিন্দা মহেন্দ্র যাদব। যুব শক্তিকে জাগ্রত করতে ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার বার্তা নিয়ে চলতি বছরের ২ জানুয়ারি তিনি এই পদযাত্রা শুরু করেছেন। পথে সনাতন ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র চার ধাম—বদ্রীনাথ, পুরী , রামেশ্বরম ও দ্বারকা—এবং ১২টি জ্যোতির্লিঙ্গ স্থানের পরিক্রমা করবেন। পদযাত্রার ২২ দিনে তিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর পৌঁছান।

পদযাত্রী যুবক মহেন্দ্র যাদব বলেন, ইতিমধ্যে ১,২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছি। আরও বাকি প্রায় ১১,০০০ কিলোমিটার পদযাত্রা। পকেটে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বার হয়েছিলাম। তারপর থেকে যাত্রাপথেই সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। ‌

এই যুবক দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে যে বার্তা দিতে চাইছেন তা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলরামপুরের বাসিন্দা দীপক কুমার।

রবিবার বলরামপুর পেরিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন মহেন্দ্র। সোমবার ঝাড়খণ্ডের সরাইকেলাতে পৌঁছান তিনি। সামনে যে দিকে দুচোখ যায়, বিরাট ভারতভূমে তাই তাঁর পথ৷

Post Comment